
নলছিটিতে অটোরিকশা-ইজিবাইকের সংঘর্ষে নিহত দুই
নিজস্ব প্রতিবেদক ::: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় দাঁড়িয়ে থাকা অটোরিকশার সঙ্গে ইজিবাইকের (থ্রিহুইলার) সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
নিহতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর গ্রামের প্রয়াত ইঙ্গুল হাওলাদারে ছেলে মো. হাসেম হাওলাদার (৭০) ও একই উপজেলার ফলাঘর গ্রামের ইসতাক আলীর ছেলে মোহাম্মদ শামীম (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নলছিটির পশ্চিম দপদপিয়া বায়তুল মোকাররম জামে মসজিদ কমপ্লেক্সের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রাস্তার ওপর একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। অপরদিকে পটুয়াখালী দিক থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি ইজিবাইক দ্রুতগতিতে রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই অটোরিকশার পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা এবং এর চালক ছিটকে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পরই চালক পালিয়ে গেলেও মাহিন্দ্রা গাড়িটি থানা হেফাজতে রয়েছে।


